টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।
২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ৫১ জনের মধ্যে ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল প্রকাশের পর মির্জাপুর ক্যাডেট কলেজ কর্তৃক সূত্রে জানা যায়, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সাফল্যকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতি বছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ।
কলেজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ জানান, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।