নেত্রকোনা: এ বছর এসএসসি পরীক্ষায় জেলা ভিত্তিক ফলাফলে ময়মনসিংহ বোর্ডে প্রথম হয়েছে নেত্রকোনা। উক্ত জেলায় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭.৮০, জামালপুর জেলায় পাসের হার ৫৫.৬০, শেরপুর জেলায় পাসের হার ৫৫.৪১ ভাগ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৬০.৪৯ ভাগ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারও জেলায় শতভাগ পাস করেছে কেন্দুয়া উপজেলার হুমায়ূন আহমেদের স্থাপিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে । বিদ্যালয়টি থেকে এবার ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা।
এবারে উপজেলা ভিত্তিক ফলাফলে জেলার নেত্রকোনা সদরে পাসের হার ৬৪.৩১, বারহাট্টায় পাসের হার ৪৯.৩১ ভাগ, মদন ৬০.৮২, মোহনগঞ্জ ৬৮.৩৬, খালিয়াজুরীতে ৪৯.৪১, আটপাড়ায় ৫০.৮২, কেন্দুয়ায় ৫৫.০৭, দুর্গাপুরে ৫৮.৩০, কলমাকান্দায় ৫৯.২৮ ও পূর্বধলায় ৬০.৪৯ ভাগ পাস করেছে।
ফলাফলে দাখিলে পাসের হার ৫৩.৬১ ভাগ এবং ভোকেশনালে পাসের হার ৪৬.৬০। জেলা শহরের ‘মালনী কারিগরি স্কুলে’ শতভাগ ফেল করেছে শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে ৩১ শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করেনি।
জানতে চাইলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, বরাবর আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাস করে।আমরা নিয়মিত মনোযোগ দিয়ে পাঠদান করি বলে তারা পরীক্ষার ফলাফলে জভালো করে।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, ময়মনসিংহ বোর্ডে নেত্রকোনা প্রথম হয়েছে।আমরা সকলে সমন্বিতভাবে কাজের ফলেই এটি সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাব গঠন করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কাজকর্মে অংশগ্রহণ করতে শুরু করেছে। পরবর্তীতে এই ফলাফল আরো ভালো হবে।