গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । সবশেষ এক চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে! হুমকির বিষয়টি শুরুতে গুরুত্ব না দিলেও এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।
সোমবার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান। বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠি কোথায় থেকে আসছে, কারা পাঠাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার সিএবি দপ্তরে পাঠানো এক চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দেন সৌরভ। এর আগে গত ছয় মাস ধরে বিভিন্ন সময় সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে চিঠি এসেছে। কিন্তু সোমবার দুটি চিঠির একটি পড়ে আতঙ্কিত তিনি। তাকে ও তার স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে।