ঢাকা: ঢাকার মোহাম্মদপুরের বসিলায় স্ত্রী মেরিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১২ বছর পর খালাস পেয়েছেন তার স্বামী আব্দুর রহিম।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, ২০১৪ সালে ঘটনার পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। ভুক্তভোগীর মামা ওই মামলা করেন। পরে ওই মামলায়ও কোনো প্রমাণ না পাওয়ায় আব্দুর রহিম খালাস পান।
এর প্রায় দুই মাস ২৪ দিন পর নিহত মেরির মা তার মেয়েকে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত করে কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করেও আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পায়নি বলে জানান তিনি।
ওমর ফারুক বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষী উপস্থাপন করে। তাদের মধ্যে ১১ জনকে আসামিপক্ষ জেরা করেছে। বাকি দুজনকে রাষ্ট্রপক্ষ আদালতে হাজির করতে পারেনি।
তিনি আরও বলেন, বাদীর সাক্ষ্য ও জবানবন্দিতে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করার মতো কোনো সাক্ষ্য-প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। এসব কারণে আদালত তাকে খালাস দিয়েছেন।
রায় ঘোষণার সময় আব্দুর রহিম-কে মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে কান্না করতে দেখা যায়।
পরে আদালত থেকে বের করে নেওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘খালাস পেয়েছি, মিথ্যা মামলা ছিল। এজন্য আল্লাহর শুকরিয়া জানাই। আর কিছু বলার নেই।’