Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুরে ৫ প্রবাসীকে ‘বাংলাদেশ রেমিটার্স সম্মাননা’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৯:২৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২১:৩৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজ’-এর পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে বৈধ পথে দেশে অর্থ পাঠানো প্রবাসী বাংলাদেশিদের অবদান ও রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরা হয়।

ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজ-এর মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর ‘বাই ভলিউম’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ।
অন্যদিকে একই প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশিবার রেমিট্যান্স পাঠানোর ‘বাই ফ্রিকোয়েন্সি’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। তিনি বলেন, বিদেশে থাকা যেসব বাংলাদেশি এক ডলারও দেশে পাঠাচ্ছেন, তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মেলিতা মেহজাবিন বলেন, রেমিট্যান্সের বহুমাত্রিক ইতিবাচক প্রভাব রয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থ কোনো শিশুর শিক্ষার কাজে ব্যবহার হতে পারে, আবার কোনো পরিবারের চিকিৎসার ব্যয় মেটাতে পারে। এমন কী এই অর্থের কারণে কেউ নতুন জীবন ফিরে পেতে পারেন।

প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি রেমিটারদের দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, রেমিট্যান্সের গুরুত্ব গত দুই বছরে দেশের মানুষ আরও ভালোভাবে উপলব্ধি করেছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির পাশাপাশি পরিবার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিঙ্গাপুরে কার্যরত বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধি, সিঙ্গাপুর সরকারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজনে দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করার পাশাপাশি প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সম্মাননার আয়োজন করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি প্রবাসীদের অর্থ সরাসরি তাদের পরিবারের কাছে পৌঁছায়। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।