Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৬:০৬

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর এবং জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন – ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নুরুল আমীন-এর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

তিনি জানান, লিভ টু আপিল আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।

পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন।

এর বিরুদ্ধে নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। পরে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পর শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধেই এবার লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর