Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:৩২

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয় জানায়, ২টি কার্গো করে চারটি দেশের চারটি কোম্পানি থেকে এই এলএনজি কার্গোগুলো আমদানি করা হবে। এর মধ্যে হংকং-এর ‘ঝেনইউ শিপিং কোম্পানি লিমিটেড’ থেকে ২ কার্গো; মালয়েশিয়া’র ‘পেট্রোনাস এলএনজি লিমিটেড’ থেকে ২ কার্গো; চীনের ‘চায়না রানজে হোল্ডিং গ্রুপ লিমিটেড’ থেকে ২ কার্গো এবং যুক্তরাষ্ট্রের ‘দারাব ইঙ্ক’ থেকে ২ কার্গো এলএনজি আমদানি করা হবে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে আরও দুটি প্রস্তাব সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এগুলো হচ্ছে- বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জিনাই-ঘাঘট-বংশী ও নাগদা নদীর প্রবাহ পুনরুদ্ধারে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ নিশ্চিতকরণ, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় মোট ২৫টি প্যাকেজ কাজ বাস্তবায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ।

অপরটি হচ্ছে- ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে অ্যানরয়েড ট্যাব ক্রয়। তবে কতগুলো ট্যাব কেনা হবে জানা যায় নি।