নোয়াখালী: এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীর গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক ও ৭টি সিএনজি স্টেশন গ্যাস সংকটে পড়েছে। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, নোয়াখালীতে প্রতিদিন গড়ে ১৬-১৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। গত সপ্তাহে হঠাৎ লাইনে গ্যাস-সংকট দেখা দেয়। চলতি সপ্তাহের শুরু থেকে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। তবে বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে বাখরাবাদের আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন প্রায় ২৯ হাজার আবাসিক ও ৩৫০ বাণিজ্যিক গ্রাহক এবং ৭টি সিএনজি ফিলিং স্টেশন।
নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা নাজমুন নাহার জানান, গত সপ্তাহে গ্যাসের সংকট থাকলেও বাসার চুলা হালকা জ্বলত। দিনে-রাতের কোনো একটা সময় কিছুটা গ্যাস পেয়ে রান্নাবান্না করা যাচ্ছিল। কিন্তু আজ দুপুর থেকে চুলাই জ্বলছে না। এতে রান্নাসহ অন্যান্য কাজে সমস্যায় পড়তে হচ্ছে।
একই অবস্থা শহরের রেস্তোরাঁগুলোয় সকাল থেকে রান্নাবান্না ভালোই চলছিল। বেলা বাড়ার সাথে সাথে সরবারহ গ্যাস বন্ধ হয়ে গেছে। মানুষের খাবার খাওয়ার সময়ে গ্যাস চলে যাওয়ায় বিপাকে পড়েছে রেস্তোরাঁ গুলোয়।
বাখরাবাদ নোয়াখালীর ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক নূর করিম জানান, দুপুর ১২টা থেকে ফেনী গ্রিড থেকে প্রধান লাইনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এলএনজি টার্মিনালের সমস্যার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত সপ্তাহে গ্যাসের সংকট থাকলেও নোয়াখালীর সোন্দলপুর ও বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে উৎপাদিত ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসে কিছু কিছু এলাকায় সরবরাহ ছিল। কিন্তু আজ জেলাজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।