ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতেরও এ সুযোগের সদ্ব্যবহার করা উচিত ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা চূড়ান্ত রূপ পাবে-এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘যেকোনো সময়ে যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।
তিনি বলেন, আমরা আগেই বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের (গণঅভ্যুত্থান) স্মৃতি এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তবে যেকোনো সময় যখন দুই দেশের সরকারপ্রধান বসবেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। ভারতও যেন বিষয়টি মনে রাখে, সেটাই আমরা আশা করি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সবসময় ইতিবাচক। সম্ভাবনা তো সবসময়ই আছে। কিন্তু এখন বাংলাদেশে রাজনৈতিকভাবেও অনেক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন এবং সামনে আবার পার্লামেন্ট অধিবেশন বসবে। সাংবিধানিক অনেক কাজও সামনে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। এর মধ্যেই যদি সবকিছু মেলে, অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে-সব সফরই হবে। সেটা দেখা যাক।
শামা ওবায়েদ বলেন, সকল দেশ সফরের ক্ষেত্রেই বাংলাদেশ সরকার ইতিবাচক আছে। তবে এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের মধ্যে আলোচনা কতটুকু এগোচ্ছে, সেটার ওপর।
প্রধানমন্ত্রী ভারত সফরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, নাকি দ্বিপাক্ষিক সফরে-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।