ঢাকা: বায়ুদূষণের দীর্ঘদিনের খারাপ পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলছে রাজধানী ঢাকায়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান এখন ২০ নম্বরে নেমে এসেছে। বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী এই প্ল্যাটফর্মের সর্বশেষ সূচকে দেখা গেছে, ৯৭ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে সহনীয় বা মাঝারি পর্যায়ের বায়ুমানের ঘরে অবস্থান করছে।
সাধারণত বছরের বিভিন্ন সময়ে বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকার নাম ওপরের দিকে থাকলেও বর্তমান এই পরিস্থিতি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তিদায়ক হিসেবে দেখা দিয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। আর ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় মাত্রা হিসেবে গণ্য করা হয়, যেখানে ঢাকার বর্তমান স্কোর অবস্থান করছে। তবে এই মাত্রার বায়ু সংবেদনশীল বা বিশেষ স্বাস্থ্যঝুঁকিতে থাকা গোষ্ঠীর জন্য কিছুটা সতর্কতার বিষয় হতে পারে।
এদিকে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে উান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই স্কোর ১৮৬ এর ঘরে রয়েছে এবং তা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া তালিকায় ওপরের দিকে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাকিস্তানের লাহোর শহরের মতো বেশ কিছু নগরী। তুলনামূলকভাবে দূষিত শহরগুলোর তুলনায় ঢাকার বাতাস বর্তমানে বেশ খানিকটা পরিষ্কার ও সহনীয় রয়েছে। আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশগত নানা অনুকূল উপাদানের কারণে বায়ুর মানের এই ইতিবাচক অবস্থা দীর্ঘদিন বজায় থাকুক এমনটাই প্রত্যাশা শহরবাসীর।