Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া, ৫ শ্রমিক নিহত

স্টাপ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১২:৫৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৮:২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি পাঁচজন শ্রমিক মারা গেছেন।’

বিজ্ঞাপন

তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি।

গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাবাংলা/এসএন/এনজে