Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: জাহিদ হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৫:৪০

ঢাকা: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব দ্য বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর