কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো আলিফ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ কসবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে।
উদ্ধার হওয়া তিন শিশু হলো, ওমর ফারুক জনি (৯), আব্দুল আহাদ (১০) ও জিহাদ (১১)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রলিতে চার শিশু উঠে পড়ে। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রলিটির পেছনের চাকা পিছলে যায়। এতে ট্রলিটি পদ্মা নদীতে উল্টে যায়। পরে ট্রলিচালক পানিতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে আলিফ এখনো নিখোঁজ রয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।