Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের আহ্বান মাহবুব আনামের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ০৯:৫৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

ঢাকা: অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমী’ আয়োজিত বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক অগ্রগতি দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন পরিমাপ করা যায় না। মানুষের মননশীলতা, নীতি-নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধই টেকসই উন্নয়নের প্রকৃত মাপকাঠি। ডিজিটাল সেবা মানুষের জীবনযাত্রা সহজ করলেও সংস্কৃতিচর্চা ও নৈতিকতার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচার রোধে সাংস্কৃতিক কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইতিবাচক বার্তা ছড়ানোর কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, সংস্কৃতি তাদের আবেগের স্থিতিস্থাপকতা তৈরি করে, ধৈর্যশীল ও সৃজনশীল করে তোলে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের লক্ষ্য প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা। তরুণ উদ্ভাবকদের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে উল্লেখ করে তিনি তরুণদের গবেষণা, জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন, এম্পোরিয়াম প্রপার্টিজের চেয়ারম্যান মো. আরফাতুর রহমান আপেলসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। পরে শিল্পীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর