Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে গুলি ছুড়ে সোনা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১০:৫২

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় পতিত পবন শীল নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনা, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে ওই ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে গোপাল পালের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পতিত পবন শীল ও তার ছেলে প্রবীর কুমার শীল। পথে ৩ থেকে ৪ জনের একটি দল তাদের গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা রড দিয়ে বাবা-ছেলের মাথায় আঘাত করে। পরে তাদের কাছে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও ৮৫ হাজার টাকা রয়েছে। এ সময় বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালানোর সময় ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, ‘প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারীর সংখ্যা ছিল তিন থেকে চারজন। ঘটনার সময় বাজি ফাটার মতো শব্দ শুনতে পান ওই প্রত্যক্ষদর্শী। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গুলিতে কেউ আহত হননি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।