Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৩:০৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৩:২৬

ঢাকা: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলা সফরে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান এবং তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হচ্ছে। হাওর, নদী, বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এবারের এই আয়োজন কিশোরগঞ্জে করা হয়েছে।

মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রামের পর বিকেল চারটার দিকে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন আর্থিক অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও এই সফর থেকে আনুষ্ঠানিকভাবে চালু করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়নের মতো দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের মাঝেও এই সফরকে ঘিরে তৈরি হয়েছে গভীর আগ্রহ। সকল কর্মসূচি সফলভাবে শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর