ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে পরবর্তী শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়।
মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এম হাসান ইমাম ও অ্যাডভোকেট ইশরাত জাহান।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, আসামিপক্ষ ইতোমধ্যে তিন দিন ধরে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে। আগামীকালও তাদের বক্তব্য চলবে। এরপর রাষ্ট্রপক্ষ জবাবি যুক্তিতর্ক উপস্থাপন করবে।
তিনি বলেন, জবাবি যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল চাইলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখতে পারেন অথবা রায় ঘোষণার জন্য নির্দিষ্ট তারিখ ধার্য করতে পারেন।
এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে সাত আসামির সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চায়।
মামলার আসামিরা হলেন—ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বর্তমানে তারা সবাই পলাতক।