Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপসচিবের সই নকল করে ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের সতর্ক করল জনপ্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৭:২৯

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের সই নকল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চাকরিপ্রার্থীদের সতর্ক করে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসা ওই ভুয়া অফিস আদেশে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। গত ১০ আগস্ট তারিখে জারি করা ওই আদেশে দাবি করা হয়, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুযায়ী রাজস্ব খাতে বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নিয়োগ ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।

মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ জারি করে প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা এড়াতে চাকরিপ্রার্থীদের চাকরি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।