Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনকল্যাণমুখী সংস্কার ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতিতে এগোচ্ছে সরকার: মাহদী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৮:০২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৮:২৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনকল্যাণমুখী সংস্কার ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতিতে এগোচ্ছে সরকার।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি বিগত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

জ্বালানি সংকট নিরসনে সরকারের বহুমুখী উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি আলাপের মাধ্যমে পেট্রোনাসের সহায়তায় গ্যাস সমস্যা সমাধানে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যখাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের এক লাখ টাকা করে সাহায্য প্রদান করা হচ্ছে।

শিক্ষা খাতের পরিবর্তনের বিষয়ে তিনি জানান, আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন বিষয় যুক্ত হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু করার পাশাপাশি মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক হয়রানিমুক্ত সেবামূলক পুলিশ ও প্রশাসন তৈরি করা হয়েছে এবং সোহাগী জাহান তনু ও শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার আসামিকে বহু বছর পর গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ফ্যাসিস্ট ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতোমধ্যে আবেদন জানানো হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে সমতা ও মর্যাদার সম্পর্ক গড়া হচ্ছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হওয়া দেশকে গৌরবান্বিত করেছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি সংস্কৃতি ভেঙে সাধারণ মানুষের কাতারে নেমে তৃণমূলে খাল খনন কর্মসূচিতে অংশ নিচ্ছেন । মেগা প্রকল্পের দুর্নীতি থেকে বেরিয়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, পতিত কলকারখানা চালু, বন্ধ বন্দর সচল রাখা ও রেমিট্যান্স বৃদ্ধির নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।