Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাড়ি চালক সজিব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৯:৩৫

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

চট্টগ্রাম: জেলার পাহাড়তলী থানার গাড়ি চালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিন্দা মো. নুরুল আমিন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মো. শাহজাহান এবং ফেনী সদর উপজেলার মো. নুরুল আলম টুটুল। দণ্ডিতদের মধ্যে নুরুল আলম টুটুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানাধীন টোল রোডের পূর্ব পাশে শিল্প পুলিশের অধিগ্রহণ করা জমির পশ্চিম পাশে সেকান্দরের কৃষিজমি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে লাশটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা মো. সজিবের বলে শনাক্ত করা হয়।

সজিব পেশায় গাড়িচালক ছিলেন। তিনি বিভিন্ন জেলায় মালামাল পরিবহনের কাজ করতেন। ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ২৭ অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার পেছনে থেতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।