Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিনদিনের সফরে ঢাকায় ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ২১:২৬

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকাঃ ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ অন্বেষণের লক্ষ্যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি উচ্চপর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধিদল ১৭ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানান।

সিআইআই-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে গঠিত এই প্রতিনিধিদলে রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ১৪ জন ব্যবসায়ী নেতা—যার মধ্যে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমাালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হসপিটালস এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অন্তর্ভুক্ত—পাশাপাশি এতে সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও রয়েছেন।

বিজ্ঞাপন

সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম। এই বৈঠকগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, ব্যবসায়িক সম্পর্ক বা যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদলটি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাথে আয়োজিত মধ্যাহ্নভোজ-বৈঠকেও অংশ নেবে; এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই মধ্যাহ্নভোজ চলাকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবে।

এই সফরের লক্ষ্য হলো ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প-সহযোগিতা সম্প্রসারণের সুযোগগুলো খতিয়ে দেখা।

সফরকালে পারস্পরিক স্বার্থ ও সুবিধাসংক্রান্ত বিষয়গুলোর সমাধান, সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বৃহত্তর সম্পৃক্ততা সহজতর করার বিষয়গুলোতেও আলোচনা করা হবে।