Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এডিআরে সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত, সেবা পেয়েছেন ১৫ লাখের বেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৫:১৫

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন উপকারভোগী হয়েছেন। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সংস্থাটির কার্যক্রমের পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্যে প্রি-কেইস ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫টি বিরোধ ও মামলায় এডিআরের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সফলভাবে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫টি মামলা ও বিরোধ।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে মোট ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এ সেবার আওতায় রয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা আর্থিকভাবে অসচ্ছল বন্দিরা।

বিজ্ঞাপন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন পরিচালিত জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে।