Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার আদর্শেই গণতন্ত্রের পথে বিএনপি: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করেছেন, বিএনপি সেই পথেই এগিয়ে যাবে।

তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়। দুই দফায় তিন দশকেরও বেশি সময় তিনি রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।