Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট 
১৮ আগস্ট ২০২৬ ২০:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: গত ছয় মাসে কয়েকটি মৌলিক ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। ছয় মাস অতিক্রান্ত হওয়ায় এখন সরকারের কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতির ভাষায় নয়, বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের প্রতি জবাবদিহির মানদণ্ডে মূল্যায়নের সময় এসেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের চাপ, ব্যাংকিং খাতে আস্থার সংকট এবং প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

জামায়াতের এই নেতা বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জুলাই জাতীয় সনদভিত্তিক সাংবিধানিক সংস্কারের পক্ষে জনগণ সুস্পষ্ট রায় দিয়েছে। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। অথচ নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংস্কার পরিষদের কাঠামো কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকারের বিষয় রয়েছে। গত ছয় মাসে এসবের কোনোটি বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।

গ্যাস সংকট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। এর প্রভাব পড়ছে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে।

তিনি দাবি করেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পকারখানায় প্রায় ৪০ শতাংশ কম উৎপাদন হচ্ছে। প্রায় ২০টি কারখানা বন্ধ হয়েছে এবং ২০ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানায়।