ঢাকা: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে তাদের মুনাফার নির্ধারিত অংশ ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা হস্তান্তর করেছে।
বাংলাদেশ শ্রম আইনের ধারা অনুযায়ী এটি বিমানের প্রথম মুনাফা হস্তান্তর, যা সংস্থাটির স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা পূরণে এক নতুন মাইলফলক।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট এই টাকার একটি ব্যাংক চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডেপুটি সিইও, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাদেশ শ্রম আইন অনুসারে, দেশের যেকোনো কোম্পানির বার্ষিক নীট মুনাফার ৫ শতাংশ অর্থ ‘শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল’-এ বরাদ্দের নিয়ম রয়েছে। ওই বরাদ্দের ১০ শতাংশ অর্থ সরাসরি সরকারি ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল’-এ জমা দিতে হয়। এ বিধান অনুসারে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ, অর্থাৎ ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই প্রথমবার তাদের নির্ধারিত মুনাফার অংশ এ তহবিলে প্রদান করল। বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, জাতীয় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতেও স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংস্থাটি।