ঢাকা: জাল রেকর্ডপত্র তৈরি করে গুলশান-২ আবাসিক এলাকার ২৭ কাঠা সরকারি পরিত্যক্ত প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ৬ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, রাজউকের সাবেক উপ-পরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছারসহ আরও কয়েকজন।
মামলার তথ্য অনুযায়ী, গুলশানের একটি পরিত্যক্ত সরকারি প্লট দখলের অভিযোগে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় শুরুতে সালাম মুর্শেদীর নাম না থাকলেও তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে এবং সরকারি দায়িত্বের অপব্যবহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বর, হোল্ডিং নম্বর-২৯, সড়ক নম্বর-১০৪-এর ২৭ কাঠা পরিত্যক্ত সরকারি প্লটের জাল রেকর্ডপত্র তৈরি, হস্তান্তর অনুমোদন এবং নামজারির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি করেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।