ঢাকা: ইউরোপের চার দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
দেশগুলো হলো রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং মলদোভা। সম্প্রতি জারি করা এক বিশেষ জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসী নাগরিকদের এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দূতাবাস উল্লেখ করে যে, সামাজিক মাধ্যম তথ্য আদান-প্রদান ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপায় হলেও অসাবধানতামূলক কোনো পোস্ট, ছবি, মন্তব্য কিংবা সংবেদনশীল কনটেন্ট প্রকাশ করলে তা মারাত্মক আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিশেষ করে ধর্মীয় অনুভূতি, স্থানীয় রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে সামাজিক মাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা ও উৎস যাচাই করার ওপর কঠোর জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, কোনো উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক বা সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনের পরিপন্থী কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না। এছাড়া সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ড সমর্থন করে, এমন যেকোনো কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে স্থানীয় আইন, সামাজিক মূল্যবোধ ও বিধিবিধানকে শ্রদ্ধার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন মাধ্যমে সংযত ব্যবহার ব্যক্তির নিজস্ব আইনি সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখবে। বুখারেস্ট দূতাবাস এই চার দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে যেকোনো প্ল্যাটফর্মে তথ্যভিত্তিক ও সচেতন সিদ্ধান্ত নিয়ে আইনসম্মত উপায়ে সামাজিক মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে।