ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত না হয়ে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনেই পরীক্ষা দেওয়ার দাবিতে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের ২১-২২ সেশনের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় সরকারি তিতুমীর কলেজের মেইন ফটোকের সামনে শিক্ষার্থীদের অবরোধ করতে দেখা যায়। এ সময় তারা ‘সেন্ট্রালের তাল বাহানা চলবে না চলবে না’, ‘তিতুমীর চাই কি, সেশনজটের মুক্তি’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দেয়।
অবরোধকারী শিক্ষার্থী ২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আল আমিন বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা দিয়ে অনার্স শেষ করতে চাই। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিলে আমাদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে।
আন্দোলনকারী অপর শিক্ষার্থী ২১-২২ সেশনের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী বাধন সরকার বলেন, শুরু থেকেই আমরা ২০২১-২২ সেশনকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার বিরোধিতা করে আসছি। কারণ প্রায় সাড়ে তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করার পর এখন নতুন কাঠামোয় গেলে প্রশাসনিক জটিলতা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দীর্ঘ প্রক্রিয়ার কারণে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এতে আমাদের পরিচয় সংকটও তৈরি হতে পারে।
তিনি আরো বলেন, আজ শান্তিপূর্ণ সমাবেশ ও কিছু সময় রাস্তা অবরোধ করেছি। দ্রুত সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারী অপর শিক্ষার্থী ২১-২২ সেশনের সমাজকর্ম বিভাগের সারজিস হোসেন বলেন, আমরা ২১-২২ সেশনের শিক্ষার্থীরা ডিসিইউ’তে অধিভুক্ত হলে শিক্ষার্থীদের সেশনজট, নতুন সিলেবাস ও প্রশ্নপদ্ধতি পরিবর্তন এবং পরীক্ষার ফল প্রকাশে চরম অনিশ্চয়তার মতো বড় জটিলতাগুলো পোহাতে হবে। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে না, আমরা আমাদের সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে।
প্রসঙ্গত, এর আগেও তিতুমীর কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কট করে সংবাদ সম্মেলন করেন।