ঢাকা: বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য অস্থিরতা ও সরবরাহঝুঁকি মোকাবিলায় জ্বালানি আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অফশোর জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
তাসকীন আহমেদ বলেন, দীর্ঘ সময় ধরে জ্বালানি সংকট দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ওপর চাপ তৈরি করছে। বৈশ্বিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় ঝুঁকি থাকায় একটি নির্দিষ্ট উৎসের ওপর নির্ভরতা ব্যবসা ও শিল্পের জন্য ঝুঁকি বাড়াতে পারে। তাই জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় করা প্রয়োজন।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগানো জরুরি। এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে অফশোর গ্যাস ও জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করতে হবে।
ডিসিসিআই সভাপতি আরও বলেন, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করা প্রয়োজন। অপ্রয়োজনীয় ভর্তুকির চাপ কমানোর পাশাপাশি ভোক্তাদের জন্য দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও সহনীয় বিদ্যুতের মূল্য নিশ্চিত করতে হবে।
তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জ্বালানি সংকট থেকে সুরক্ষা দিতে সৌরচালিত সেচব্যবস্থায় বিনিয়োগ সহজ করারও প্রস্তাব দেন। এ জন্য স্বল্পসুদের ঋণ সুবিধা চালু করা প্রয়োজন বলে মত দেন তিনি।
তাসকীন আহমেদ বলেন, জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো গেলে শিল্প উৎপাদন, কৃষি ও সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে। একই সঙ্গে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত হলে উৎপাদন ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিবেশ উন্নত করা সম্ভব হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।