Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রিসভায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ২০:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, ১৯৭৯’ রহিত করে বাংলায় নতুন ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই ও অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, ১৯৭৯’-এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করার লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশটি রহিত করার পাশাপাশি এর অধীনে সম্পাদিত কার্যক্রমের হেফাজতের বিধান রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আইনে ব্যাটালিয়নের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জননিরাপত্তা রক্ষা, অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার দায়িত্বও পালন করবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসরণ সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের জন্য বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধানও প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর আইনটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর