ঢাকা: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী (হাতকাটা কাশেম)-কে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান গত ২০ আগস্ট ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত এদিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ আগস্ট একই মামলায় আবুল কাশেম-কে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল-এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কারওয়ান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেট এলাকার সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গাড়িবহরের একাধিক যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
তদন্তের স্বার্থে মামলার অন্য আসামিদের গ্রেফতার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে আবুল কাশেম-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।