Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবলীগ নেতা একরামুল হত্যা / সাবেক এমপি বদিসহ ৪ আসামিকে গ্রেফতার দেখানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ১৭:৩২

সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি -ছবি : সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা নিয়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুই ব্রিগেডিয়ার জেনারেল ও এক কর্নেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে মামলার পলাতক ৭ আসামির বিরুদ্ধে আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া।

কারাগারে পাঠানো চার আসামি হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন এবং কর্নেল আনোয়ার লতিফ খান।

বিজ্ঞাপন

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ পলাতক আসামির বিরুদ্ধে আত্মসমর্পণের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব এবং আশিকুর রহমান।

প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া জানান, চার আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি পলাতক ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। একই আদেশে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং ৩জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের কিরণতলী এলাকার হোটেল নেটংয়ের সামনে থেকে কাউন্সিলর একরামুল হক-কে তুলে নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ এলাকায় র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। ঘটনার সময় একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর