ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেয়ায় সাবেক ডেপুটি স্পিকার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু-এর ছেলে এবং পাবনার বেড়া পৌরসভার সাবেক নগরপিতা এসএম আসিফ শামস-এর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শামসুল হক টুকু’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগের তদন্ত চলাকালে তার ছেলে আসিফ শামস-এর সম্পদের খোঁজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তার সুপারিশে কমিশন আসিফ শামস-এর নামে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ জারি করে।
গত ১৬ জানুয়ারি সাক্ষীদের উপস্থিতিতে এক পুলিশ কনস্টেবলের মাধ্যমে আসিফ শামসের ঠিকানায় ওই নোটিশ পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দেওয়ার বাধ্যবাধকতা ছিল, যা গত ১৮ ফেব্রুয়ারি শেষ হয়। তবে এই সময়সীমার মধ্যে তিনি হিসাবপত্র দাখিল করেননি, এমনকি সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও জানাননি। ফলে নির্ধারিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।
উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং তার পরিবারের সদস্যদের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর দুদক একটি মামলা দায়ের করে। সে সঙ্গে তার ছেলে আসিফ শামস, মেয়ে মুমতাহিন ও জামাতা মোস্তফা এস এম নাসিফ শামসের সম্পদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়, যা বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট শামসুল হক টুকুকে গ্রেফতা করা হয়েছিল।