Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ একীভূত ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২১:০৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ২২:০০

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত পাঁচ ব্যাংকের ব্যক্তি গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে মূলধন চাহিদামতো তুলতে পারবেন। আমানতকারীদের সঞ্চয়ের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। তখন এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সাক্ষাৎকালে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

বিজ্ঞাপন

গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেদিন পাঁচ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর মুনাফা পাবেন না। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা মুনাফা পাবেন। তবে আপাতত মূলধনের অর্থ ফেরত পাবেন। আর মুনাফা নতুন সঞ্চয় হিসাবে দেখানো হবে।

আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ারকাট কার্যকর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ফলে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এই রীতি থাকলেও আমানতকারীরা শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। শেষমেশ আজ এই নিয়ম প্রত্যাহার করা হলো।

এদিকে গর্ভনরের সঙ্গে বঠৈক শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

একই নির্দেশনার আলোকে হেয়ারকাট বাতিলসহ আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কেবল ব্যক্তি আমানতকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন সুবিধা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান জানান, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। সেজন্য বোর্ড করেছে। সেখানে ১ স্টেপ্টেম্বর থেকে টাকা যাতে ব্যক্তি হিসাবধারীরা টাকা তুলতে পারেন- তা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আলোচনা হয়। তবে কোন কর্পোরেট গ্রাহক টাকা তুলতে পাবেন না। তাদের বিষয়ে টাকা ফেরতের বিষয়ে কোন নির্দেশনা গভর্নর দেননি। আমরা তো কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বাহিরে যেতে পারি না।