ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, মামলাটি এতদিন তদন্ত সংস্থা বিবিধ (মিস) মামলা হিসেবে তদন্ত করছিল। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন। পরে তা পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, মামলাটি ট্রাইব্যুনাল-২-এর কার্যতালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে। অভিযোগের ওপর শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
এদিকে, একই দিন সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।