Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৮:৫৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (অব.) আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তার-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আব্দুল মালেক আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদকের দুই সদস্যের একটি টিম কাজ করছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এতে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব বিবেচনায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।