ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক স্বপন কুমার গোস্বামীকে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে স্বপন কুমার গোস্বামীর নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ২২ জুন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে স্বপন কুমার গোস্বামীর দীর্ঘ কর্মজীবন, পেশাগত দক্ষতা ও কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
চিঠিতে বলা হয়, স্বপন কুমার গোস্বামী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে তিনি নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
চিঠিতে স্বপন কুমার গোস্বামীর কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ব্যাংকিং নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কে অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা ও প্রশাসনিক নেতৃত্বেও তাঁর অভিজ্ঞতা রয়েছে বলে জানানো হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর চিঠিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে স্বপন কুমার গোস্বামীর গভীর জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এসব অভিজ্ঞতা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালনে কাজে আসতে পারে বলে চিঠিতে মত দেওয়া হয়।
চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সংস্কার কার্যক্রমের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বর্তমানে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়নে স্বপন কুমার গোস্বামীর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিএনপির এই সংসদ সদস্য।
চিঠিতে জনস্বার্থ এবং দেশের আর্থিক খাতের উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম আরও শক্তিশালী করতে স্বপন কুমার গোস্বামী-কে ডেপুটি গভর্নর পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ করা হয়।
এদিকে, ডেপুটি গভর্নর পদে স্বপন কুমার গোস্বামীর নাম সুপারিশ করার বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘উনি আমার এলাকার ভোটার, সেই বিবেচনায় চিঠি দেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব কাঠামোর অংশ। ফলে এ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিনির্ধারণ ও প্রশাসনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়।