ঢাকা: আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ স্থানীয় প্রতিষ্ঠানের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে বিদেশি প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করা আবাসিক প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রায় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা এসবিএলসি নিতে পারবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে স্থানীয় প্রকল্প কর্তৃপক্ষের অনুকূলে নিবাসি প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি ইস্যুর বিদ্যমান বিধান আংশিক সংশোধন করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বাস্তবায়নাধীন কোনো প্রকল্পের আন্তর্জাতিক দরপত্রে বিদেশি প্রতিষ্ঠান কাজ পাওয়ার পর সেই প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী আবাসিক প্রতিষ্ঠান প্রকল্পের প্রয়োজনীয় গ্যারান্টি বা এসবিএলসি নিতে পারবে। তবে সংশ্লিষ্ট চুক্তিতে এ ধরনের গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের সুযোগ থাকতে হবে।
এ ছাড়া স্থানীয় প্রতিষ্ঠান ও বিদেশি চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রকৃত ও গ্রহণযোগ্য চুক্তিগত বা বাণিজ্যিক সম্পর্ক থাকতে হবে। এ সম্পর্কের পক্ষে প্রয়োজনীয় চুক্তিপত্র ও অন্যান্য দলিল সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এ ধরনের গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর মাধ্যমে ব্যাংকের যে ঝুঁকি ও দায় সৃষ্টি হবে, তার বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংককে পর্যাপ্ত জামানত বা কাউন্টার-সিকিউরিটি নিশ্চিত করতে হবে। জামানত বা কাউন্টার-সিকিউরিটির পরিমাণ ঝুঁকির ধরন ও মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট চুক্তির শর্ত বিবেচনায় নিয়ে জামানত বা কাউন্টার-সিকিউরিটির পরিমাণ নির্ধারণ করতে হবে।
চুক্তিগত ব্যবস্থায় গ্যারান্টি বা এসবিএলসির কারণে স্থানীয় প্রতিষ্ঠানের যে ব্যয়, দায় ও অন্যান্য খরচ তৈরি হবে, তা যথাযথভাবে পরিশোধ ও ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকতে হবে। পাশাপাশি গ্যারান্টি বা এসবিএলসি কার্যকর হলে বিদেশি প্রতিষ্ঠান কীভাবে সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করবে, প্রয়োজন অনুযায়ী চুক্তিতে সে বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক দরপত্রে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় অংশীদার বা এজেন্ট হিসেবে কাজ করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংকিং সুবিধা বাড়বে। বিশেষ করে বড় অবকাঠামো ও অন্যান্য প্রকল্পে দরপত্রের শর্ত পূরণে প্রয়োজনীয় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা এসবিএলসি সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠানগুলো নতুন সুযোগ পাবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রায় এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।