Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২০:৩৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ২০:৪৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে ঠিকাদারদের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থের অপচয় এবং জনদুর্ভোগ ঠেকাতে ৩০টি প্রকল্পে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা আইএমইডি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রীর পক্ষে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জানতে চান যে, দেশের অবকাঠামো উন্নয়নকাজে নিম্নমানের কাজ বন্ধে আইএমইডি পরিদর্শন করে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে?

বিজ্ঞাপন

জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন যে, সরকার দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বা এডিপির আওতায় মোট ১ হাজার ১৬৩টি প্রকল্প চলমান রয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হিসেবে আইএমইডি নিয়মিত উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে থাকে। গত ২০২৫-২৬ অর্থবছরে আইএমইডি ৬৭৭টি চলমান প্রকল্প পরিদর্শন করেছে এবং এর মধ্যে ৬৪০টি প্রকল্প নিয়ে বিভিন্ন সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের কেবল জুলাই মাসে ৪৭টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ২৭টি প্রকল্পের সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের জুলাই পর্যন্ত ১ হাজার ৮৫টি সমাপ্ত প্রকল্প পরিদর্শন করে ১ হাজার ২৪টি সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমইডি’র পরিদর্শনের সময় অবকাঠামো নির্মাণকাজে ঠিকাদারের গাফিলতি বা নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেলে তা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, আইএমইডি’র সাম্প্রতিক পরিদর্শনে ৩০টি প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে নানা ধরনের ত্রুটি ও সমস্যা চিহ্নিত হয়েছে। এসব চিহ্নিত সমস্যা সমাধানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় রোধে আইএমইডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর