ঢাকা: রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম জনি (৩৫)।
শনিবার (২৯ আগস্ট) সকালে নিহতের স্ত্রী স্বপ্না বেগম ঢাকা মেডিকেলে এসে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
স্বপ্না বেগম বলেন, ‘তাদের বাসা শ্যামপুর ব্রীজ নবরুন গলিতে। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। তার স্বামী ব্যাটারী চালিত রিকশা চালাতো। রাতে রিকশা নিয়ে বের হয়েছিল। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি কে বা কারা তার স্বামী জনি-কে ছুরি মারছে। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।’
শনিবার (২৯আগস্ট) ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। তারা চিৎকার করলে এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বুকের বাম পাশে ছুরিকাঘাত লাগে। এক পর্যায়ে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আসামীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।