চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।
নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম-এর পুত্র ও আব্দুল্লা আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাত সাড়ে ১১টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শুভ নিহত হয়। ওমর-কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নিহত শুভ’র ভাই ইমাম হোসেন ফরহাদ জানান, তারা দুইজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতো। বন্ধু ওমর-কে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে গিয়েছে বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজনই নিহত হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়ায় অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।