ঢাকা: বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন। একই সঙ্গে দেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ও মারস্ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন অংশ নেন।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মারস্ক বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় বাণিজ্যমন্ত্রী জাহাজ নির্মাণের পাশাপাশি দেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্ককে বিনিয়োগের আহ্বান জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মারস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় জাহাজ রয়েছে। প্রতিষ্ঠানটির পুরোনো জাহাজ পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানে পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।
বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার—উভয় খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকৃষ্ট করা গেলে শিল্পায়নের পাশাপাশি দেশের ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বাড়বে। এতে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশও ত্বরান্বিত হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ-২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ উপস্থিত ছিলেন।