Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারভেজ হত্যা মামলা: সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম শ্যোন অ্যারেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৫:০৭

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন -সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: জুলাই আন্দোলনের সময় পারভেজ হাওলাদার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন-কে শ্যোন অ্যারেস্ট (কারাগারে থাকা অবস্থায় গ্রেফতার ) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

আদালতে শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নুরুল ইসলাম সুজন বলেন, একটি মামলায় জামিন পাওয়ার পরই তাকে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তার দাবি, এ ধরনের আদেশ দেওয়ার আগে মামলার ভিত্তি বিবেচনা করা উচিত।

তিনি বিচারকের উদ্দেশে বলেন, “যে দোষী, সে অবশ্যই শাস্তি পাক। কিন্তু দুই বছর আগের একটি মামলায় আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এজাহারে আমার নামও নেই। আমাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো যায় কি না, সেটি একটু ভেবে দেখবেন।”

বিজ্ঞাপন

এদিন যাত্রাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন আদালতে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ আবেদনটি মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।

গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার কাজলা টোলপ্লাজা সংলগ্ন কাঁচাবাজার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে আন্দোলনকারীদের প্রতিহত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুলিবর্ষণ করেন। এতে পারভেজ হাওলাদার গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনায় নুরুল ইসলাম সুজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়, যা শুনানি শেষে আদালত মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর