ঢাকা: ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি ও ব্যাপ্তি প্রতিনিয়ত আরও সুদৃঢ় ও মজবুত হয়ে চলেছে।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সারাহ কুক বলেন, আমাদের কথোপকথনে নানা যৌথ অগ্রাধিকারের বিষয় উঠে এসেছে; এর মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন বিষয়ক সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে রয়েছে একটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের
কারণেই এটি সম্ভব হয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগের মেলবন্ধন এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিবিড় সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে পেরে এবং তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্যই দৃশ্যমান ও বাস্তব সুফল বয়ে আনতে আমি বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করছি।