ঢাকা: সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল, নিবন্ধন, ফিটনেস পরীক্ষা ও নিয়ন্ত্রণে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে নীতিমালা প্রণয়ন করছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি করপোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় ই-রিকশার ব্যবস্থাপনা, চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে এ বিষয়ে অনুষ্ঠিত পূর্ববর্তী সভাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
আলোচনায় নগর ব্যবস্থাপনা ও যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ই-রিকশার ফিটনেস পরীক্ষা ও প্রত্যয়ন, গ্যারেজ ও চার্জিং ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণকে কোনোভাবেই ভোগান্তিতে ফেলা যাবে না। সুষ্ঠু ও কার্যকরভাবে নীতিমালা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম চালু করা হলে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে। একই সঙ্গে ফিটনেস, চার্জিং ও অন্যান্য কারিগরি বিষয়কে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হবে।
বিদ্যমান ই-রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রত্যয়ন গ্রহণের ব্যবস্থাও করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।