মানিকগঞ্জ: যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা সামাল দিতে পারি, সেভাবে মজুদ ব্যবস্থা করা হচ্ছে। খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কি না এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি না, তা নিশ্চিত করাই তাঁর প্রথম কাজ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।’
মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘এখানে মজুদ করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুদ রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুদ রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। বাংলাদেশের জনগণের কাছে আমাদের ধান, চাল, গমসহ যা আছে, সেগুলো আমরা সাধারণ জনগণের কাছে সুন্দরভাবে সরবরাহ করতে পারব।’
খাদ্যগুদামে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাদ্যগুদাম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।