ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ-কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে হতে বলা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, এসএম শফিউদ্দিন আহমেদ-এর বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ’ পেয়েছে দুদক। অভিযোগটি অনুসন্ধানের জন্য পরিচালক আবুল হাসনাত-কে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেন-কে সদস্য করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
নোটিশে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এ কারণে তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
জানা গেছে, শফিউদ্দিন আহমেদ-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল গেল বছরের ১৪ ডিসেম্বর।
উল্লেখ্য ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান শফিউদ্দিন আহমেদ।
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৯:৫২
৩০ আগস্ট ২০২৬ ১৯:৫২
সারাবাংলা/এনএল/এসআর