ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান-এর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।
সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমান-এর জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুনসুরুল হক চৌধুরী।
তিনি বলেন, “আমার সঙ্গে মামলায় কাজ করার জন্য গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।”
জানা গেছে, গত ২৪ আগস্ট বার কাউন্সিলে আবেদনটি জমা দেওয়া হয়। বর্তমানে বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
চলতি বছরের গত ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সালমান এফ রহমানসহ অভিযুক্তদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে রাজধানীর মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০ ও মিরপুর-১৩ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, এসব সহিংসতা প্রতিরোধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
এ ছাড়া, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও সহ-আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল বলেও প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে।
বর্তমানে সালমান এফ রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুনসুরুল হক চৌধুরী মামলা পরিচালনা করছেন। তার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হল।