Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৬:২৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

ঢাকা: সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)কে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বঙ্গভবনের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে রাষ্ট্রপতি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে তিনি বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর