Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অগ্রণী ব্যাংকের ৩ পরিচালক প্রত্যাহার, নতুন ৪ জন নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৬:২২

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। পর্ষদ থেকে তিন পরিচালককে প্রত্যাহার করে তাদের জায়গায় চারজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগ পাওয়া চার পরিচালক হলেন— সাবেক সচিব মো. ফজলুল বারী, আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন, মো. আসাদুজ্জামান এবং সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পরিচালকদের যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে তাঁদের নিয়োগ কার্যকর করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ফয়েজ আহমেদ, মোহাম্মদ সুলতান মাহমুদ এবং ড. মো. ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত ৩০ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগ এবং তিন পরিচালকের প্রত্যাহারের বিষয়টি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে।

এ ছাড়া নতুন পরিচালকদের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।